পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু! হালিশহরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেয়টের মৃত্যুর ঘটনায় পুলিশের স্পষ্ট গাফিলতির কথা স্বীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি অভিযুক্ত তদন্তকারী আধিকারিক ফিরোজ মল্লিককে সাসপেন্ড এবং হালিশহর থানার আইসি তমাল দত্তকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রিয়াল তদন্তের জন্য উত্তর ২৪ পরগনার জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও হেফাজতে নির্যাতনের সত্যতা জানতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন।
শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং মৃত বিরজুর স্ত্রী জেনি শর্মাকে চাকরির ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ১২ মাস মাসিক ১৫ হাজার টাকা দেওয়া হবে এবং মেয়াদ শেষে তাঁকে গ্রুপ-ডি পদে স্থায়ী করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার বিরজু কেয়টকে গ্রেপ্তারের পর থানায় পুলিশি নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছিল পরিবার। যদিও পুলিশের দাবি ছিল হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।