নৌকায় রাহুল গান্ধীর সঙ্গে ওই মহিলা কে! তোলপাড় রাজনৈতিক মহল

নৌকায় এক মহিলা ও কিশোরের সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং তাঁর এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন, এই ছবিটি কবে এবং কোথায় তোলা হয়েছিল এবং রাহুলের সঙ্গে থাকা ব্যক্তিরা আসলে কারা। রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছে গেরুয়া শিবির। সাম্প্রতিক এই ছবি সামনে আসার পর কেন্দ্রীয় মন্ত্রীর করা প্রশ্নগুলি নতুন করে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর এই পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে থাকা মহিলা ও শিশুটি রাহুলের এক বন্ধুর স্ত্রী ও সন্তান, যাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে কেন্দ্রীয় মন্ত্রীর মানসিকতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেছেন। অন্যদিকে, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছবিটি টেক্সাসের লেক রে রবার্টসে তোলা হয়েছিল। সবমিলিয়ে রাহুলের এই ছবি ঘিরে রাজনৈতিক তরজায় সরগরম জাতীয় রাজনীতি।