পাতাল ভেদ করে ভিক্টোরিয়ায় পৌঁছল দিব্যা, কবে থেকে ছুটবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো!

কলকাতা মেট্রোর পার্পল লাইনের সম্প্রসারণে যুক্ত হল এক ঐতিহাসিক মাইলফলক। খিদিরপুর থেকে টানা দশ মাস ধরে আড়াই কিলোমিটারেরও বেশি ভূগর্ভের কংক্রিটের দেওয়াল চিরে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের পাতাল পথে সফলভাবে আত্মপ্রকাশ করল টানেল বোরিং মেশিন ‘দিব্যা’। এর আগে গত মাসেই যমজ সুড়ঙ্গের অপর মেশিন ‘দুর্গা’ তার গন্তব্যে পৌঁছেছিল। আদি গঙ্গার নীচ দিয়ে এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ একাধিক বিশালাকার বহুতলের পাশ কাটিয়ে এই অত্যন্ত জটিল সুড়ঙ্গ কাটার কাজ সম্পন্ন করা হয়েছে।
এই দুই মেগামেশিনের সাফল্য ২০২৯ সালের দীপাবলির মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো পার্পল লাইনে বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনাকে আরও বহুগুণ জোরালো করে তুলেছে। নিরাপত্তার স্বার্থে আগামী দুই মাস মাটির নিচে কোনও ধস বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কড়া নজরদারি চালানো হবে। এরপর নির্ধারিত বিরতি পেরিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ তৈরির পরবর্তী মেগা কাজ শুরু হবে।