“খেলা শুরু হলো!” নাম বাদ পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন প্রকাশ রাজ, তোপ প্রশাসনকে

দেশজুড়ে নির্বাচনী তালিকা সংশোধনের (SIR) মুখে পড়ে নিজের ভোটাধিকার হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। বেঙ্গালুরু নির্বাচনী এলাকার হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁর নাম। এই ঘটনায় সামাজিক মাধ্যমে চরম ক্ষোভ প্রকাশ করে ক্ষুরধার কটাক্ষ করেছেন ‘সিংঘম’ খ্যাত এই তারকা।
কী বলেছেন অভিনেতা?
ভিডিও বার্তায় নিজের ভোটাধিকার বাতিলের খবর জানিয়ে তীব্র ব্যঙ্গ করে প্রকাশ রাজ বলেন,
“আপনাদের একটি কৌতুক শোনাই! ভোটার তালিকা সংশোধনের পর বেঙ্গালুরু থেকে যে লাখ লাখ মানুষের ভোটাধিকার বাতিল করা হয়েছে, আমি তাদেরই একজন। মজার কৌতুক, তাই না?”
তিনি আরও মনে করিয়ে দেন যে, এই বেঙ্গালুরুতেই তাঁর জন্ম, পড়াশোনা এবং কাজ। এমনকি এখান থেকেই তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আমার ভোটার আইডি ফিরে পেতে কী কী ভোগান্তি সহ্য করতে হয়, সেটাই এখন দেখার। ক্ষমতার বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যেতে পারে, কিন্তু জনগণের শক্তিতে সরকার ফেলে দেওয়া আটকানো যাবে না।”
বেঙ্গালুরু জুড়ে বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা:
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট বেঙ্গালুরুর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, চিহ্নিত ১.১১ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪৯.৪২ লাখ ভোটারকে ‘অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত’ হিসেবে গণ্য করা হয়েছে। বোম্মনাহাল্লির মতো এলাকাগুলিতে প্রায় ৫৭ শতাংশ ভোটার তালিকাভুক্তির বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
শিক্ষার্থীদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও সরব:
অন্যদিকে, নিজের ভোটাধিকার হারানোর পাশাপাশি ঝাড়খণ্ডে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন এই অভিনেতা। ভিডিও পোস্ট করে প্রতিবাদী সুরে নিজের পরিচিত হ্যাশট্যাগ (#Justasking) ব্যবহার করে তিনি লেখেন, “এই বরবোরতা আর সহ্য করা যায় না। এই অহংকারই সরকারের পতন ডেকে আনবে।”