অপেক্ষা শেষ! কবে আসছে অষ্টম পে কমিশনের রিপোর্ট?

অষ্টম পে কমিশনের সুপারিশ জমা পড়া নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে বড় আপডেট দিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, আগামী ৯ মাসের মধ্যে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত এই কমিশনকে সুপারিশ পেশের জন্য মোট ১৮ মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী কাজ এগোলে ২০২৬ সালের শেষ বা পরবর্তী বছরের শুরুতে এই রিপোর্ট জমা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দেশজুড়ে চলা এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানী দিল্লির পাশাপাশি কলকাতা এবং জয়পুরের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে দফায় দফায় বৈঠক করেছে কমিশন। বিভিন্ন অংশীদর ও সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা এবং পেনশন সংক্রান্ত নীতি পর্যালোচনার কাজ চলছে একেবারে তৃণমূল স্তরে। রিপোর্ট জমা পড়ার পর কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করবে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতন ও ভাতার কাঠামোগত ভবিষ্যৎ।