রাজ্যজুড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসছে বড় চমক!

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির মূল ভাবনার ওপর ভিত্তি করে এবার দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বড় পরিবর্তন আনছে কেন্দ্র। সম্প্রতি সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের কাছে পাঠানো এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্য আরও পাঁচটি রাজ্যের প্রতিনিধিদের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে হবে। এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করা। একই সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে সময় ও স্তরের সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং জেলা, মহকুমা ও গ্রাম পঞ্চায়েত স্তরে নির্দিষ্ট প্রশাসনিক কর্তারা সকাল ন’টার পর জাতীয় পতাকা উত্তোলন করবেন। এছাড়া, দেশজুড়ে দেশাত্মবোধ জাগাতে প্রায় তিন শতাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ব্যান্ডের পরিবেশনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবের পাশাপাশি সমাজ সংস্কার ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিয়ে মাসব্যাপী ‘স্বচ্ছ ভারত’ অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। স্কুলছাত্র, এনসিসি ও বিভিন্ন যুব সংগঠনের পাশাপাশি এই আয়োজনে সাধারণ মানুষকেও যুক্ত করা হবে। অন্যদিকে, রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনে আয়োজিত সন্ধ্যা ছ’টার পরবর্তী ‘অ্যাট হোম’ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের জন্য আসন সংরক্ষণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। এই বিশেষ তালিকায় স্থান পাবেন পদ্ম পুরস্কারপ্রাপক, শহিদ পরিবারের সদস্য, অলিম্পিক পদকজয়ী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, কৃতী গবেষক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা। কলকাতার রেড রোড সহ বিভিন্ন স্তরে এই কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।