রঙিন পাঁপড়েই লুকিয়ে মরণব্যাধি! নিষিদ্ধ হচ্ছে প্রিয় এই খাবার?

লাল, নীল ও সবুজ রঙের মুচমুচে পাঁপড় বা আপ্পালামের আকর্ষণে মজেন না এমন মানুষ পাওয়া কঠিন। বিকেলের চায়ে বা আড্ডায় এই মুখরোচক স্ন্যাক্সটি অনেকেরই পছন্দ। তবে এর আড়ালেই লুকিয়ে রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাই শহরের একটি কারখানা থেকে প্রায় ২২ টন কৃত্রিম রং মেশানো ক্ষতিকর পাঁপড় উদ্ধারের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। খাদ্য সুরক্ষা দফতরের কড়া নজরদারিতে এবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে এই ধরনের রঙিন পাঁপড়ের বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
খাদ্য সুরক্ষা দফতর সূত্রে জানা গেছে, বিশেষ করে শিশুরা এই ধরনের পাঁপড় বেশি পছন্দ করায় প্রস্তুতকারকেরা খাবারের আকর্ষণ বাড়াতে মাত্রাতিরিক্ত কৃত্রিম রং ও সিন্থেটিক প্রিজ়ারভেটিভ ব্যবহার করছেন। এই রঙে উপস্থিত বিপজ্জনক রাসায়নিক যেমন ‘রোডামাইন-বি’ এবং ‘রেড ৩’ শরীরে প্রবেশ করে বিষক্রিয়া ঘটাতে পারে, যার ফলে লিভার নষ্ট হওয়া এবং ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া টারট্রাজিন ও সানসেট ইয়েলোর মতো ক্ষতিকর উপাদান থাইরয়েড টিউমারের আশঙ্কাও তৈরি করে। তাই এই ধরনের অস্বাস্থ্যকর রঙিন পাঁপড়ের পরিবর্তে বিউলির ডাল বা মুগ ডালের তৈরি নিরাপদ এবং ঘরোয়া পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।