তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই ডিম হাতে থানার সামনে মহিলা, হইচই এলাকা জুড়ে!

আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শেখ সবেরাতিকে। বুধবার বিকেলে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পিংলা থানার পুলিশ তাঁকে আটক করে এবং পরে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও বোমার নেপথ্যে তাঁর হাত রয়েছে বলে বিজেপির দাবি। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে থাকলেও শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে সবেরাতি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন।
সবেরাতির গ্রেপ্তারের খবর ছড়াতেই পিংলা থানার সামনে জড়ো হয়ে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেখানে ডিম হাতে উপস্থিত হন রেখা দাস নামের এক মহিলা। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে ধৃত নেতার দিকে ডিম ছোড়ার উদ্দেশ্যে তিনি থানায় এলেও শেষ পর্যন্ত ডিম ছুড়তে পারেননি। বিজেপি নেতৃত্বের দাবি, এক সময়ের সাধারণ টিন-ভাঙা ব্যবসায়ী সবেরাতি তোলাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য হওয়া এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের সমর্থকেরা।