বিমানবন্দরে সেনার গোপন মহড়া! এবার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরে শুরু হলো নজিরবিহীন নিরাপত্তা প্রহর

আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) জওয়ানদের জন্য আয়োজিত বিশেষ ট্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে শেষ করেছে ভারতীয় সেনা। সেনার রেড শিল্ড ডিভিশনের তত্ত্বাবধানে এই ‘মিলিটারি-সিভিল ফিউশন’ উদ্যোগটি ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। দুই বাহিনীর মধ্যে কৌশলগত বোঝাপড়া বাড়ানো এবং আধুনিক হুমকি থেকে গুরুত্বপূর্ণ সরকারি ও বিমান পরিষেবা সংক্রান্ত সম্পত্তি রক্ষার উদ্দেশ্যে মোট ১৪ দিন ধরে এই হাতে-কলমে এবং থিওরিটিক্যাল প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই যৌথ উদ্যোগে অংশগ্রহণকারী CISF জওয়ানদের অ্যাডভান্সড অ্যাক্সেস কন্ট্রোল, বিমানবন্দরের সীমানা সুরক্ষা, অন্তর্ঘাত রোখা, ড্রোন হামলা মোকাবিলা এবং দ্রুত আপৎকালীন ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আধিকারিকরা জানান, সেনার কৌশলগত যুদ্ধের অভিজ্ঞতা ও CISF-এর বিমানবন্দর সুরক্ষার দক্ষতাকে একসূত্রে বাঁধার এই প্রয়াস পুরোপুরি সফল হয়েছে। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই টিম এখন উত্তর-পূর্ব অঞ্চলের আকাশপথকে সুরক্ষিত রাখতে সব ধরনের আধুনিক বিপদ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।