যুদ্ধ আবহে চরমে জ্বালানি সংকট! ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার হুংকার মোদির!

স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের আবহে তিনি স্পষ্ট জানিয়েছেন, সমস্ত প্রতিকূলতা ও চ্যালেঞ্জকে জয় করে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়তে হবে। বিগত ১২ বছরে দেশের কোটি কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসা এবং দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি হিসেবে ভারতের অগ্রগতির খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ছোট স্বপ্ন দেখলে চলবে না, বরং বড় লক্ষ্য নিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে হবে দেশকে।
এদিন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে যারা সাধারণ মানুষকে জ্বালানি, গ্যাস ও সারের কৃত্রিম সংকট নিয়ে ভয় দেখাচ্ছিল, সেই অপচেষ্টা রুখে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত ছিল। একই সঙ্গে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন ও উৎপাদনের প্রসঙ্গ টেনে তিনি জানান, প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রে ভারত এখন স্বনির্ভরতার নতুন ইতিহাস গড়ছে। দেশের স্বার্থরক্ষায় ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্বদেশি’ মন্ত্রে দীক্ষিত হয়ে অটল সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।