বিদায় মুখস্থ বিদ্যা, ১ থেকে ১২ শ্রেণি পর্যন্ত বদলে যাচ্ছে স্কুলের সিলেবাস
August 15, 20261:15 pm

রাজ্যের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস ও পাঠ্যবই পুনর্মূল্যায়ন করতে চলেছে শিক্ষা দফতর। পড়ুয়াদের ওপর থেকে অতিরিক্ত চাপ কমানো, গতানুগতিক মুখস্থ বিদ্যা দূর করা, ধারণা স্পষ্ট করা এবং প্রাইভেট টিউশনের ওপর নির্ভরতা কমানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল এটি পর্যবেক্ষণ করছে।
আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই কাজ শেষ করার প্রস্তুতি চলছে। চলতি মাসেই তিন দিনের বিশেষ আবাসিক কর্মশালায় বিশিষ্ট শিক্ষাবিদরা এই নতুন খসড়া তৈরি করবেন। পাঠ্যবই মুদ্রণের সময়সীমা বিবেচনা করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রেসের জন্য বই প্রস্তুত করা এবং ২ জানুয়ারির আগেই প্রতিটি স্কুলে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।