‘নেতারা থাকেন গদিতে, নেতাজি হৃদয়ে!’ অনন্ত মহারাজের মন্তব্যে তোপ টোটার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনায় এবার কড়া প্রতিবাদ জানালেন টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা জানান, নেতাজি হলেন ভারতমায়ের শ্রেষ্ঠ সন্তান। ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি নিজেই স্বীকার করেছিলেন যে নেতাজি ও তাঁর ‘আইএনএ’ (INA)-র জন্যই ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, “সুভাষচন্দ্র বসুকে নিয়ে কে কী বলল, তা নিয়ে অহেতুক গুরুত্ব দিয়ে টিআরপি বাড়াবেন না। নেতারা থাকেন গদিতে, আর নেতাজি চিরকাল দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকেন।”
প্রসঙ্গত, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ চলচ্চিত্রে পুলিশ অফিসার দুর্গাপ্রসাদ রায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা। সম্প্রতি ছবির প্রিমিয়ারেও তিনি নেতাজির ছবি আঁকা পাঞ্জাবি পরে হাজির হয়েছিলেন।
অন্যদিকে, নেতাজির অবমাননা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতেই সুর নরম করেছেন অনন্ত মহারাজ। বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পর তিনি সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে জানান, তাঁর অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।