স্বাধীনতা দিবসের রাতে রক্তাক্ত নদিয়া! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

স্বাধীনতা দিবসের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় এক নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান, যিনি কল্যাণীর একজন আইন পড়ুয়া ছিলেন। মৃত্যু নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
শনিবার সন্ধ্যায় বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত পৌঁছান এবং দেহ উদ্ধার করেন।
নিহত পরিবারের অভিযোগ, এই পরিকল্পিত হামলার নেপথ্যে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর অনুগামীরা। জুব্বার শেখ বর্তমানে জেলে থাকলেও তাঁর দলবলই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।