‘অহংকার নয়, শিক্ষার্থীদের অনুভূতিই সেরা’: নালসার বিতর্ক সমলে ক্ষমা চাইলেন বিসিআই প্রধান

হায়দরাবাদের খ্যাতনামা আইনি শিক্ষা প্রতিষ্ঠান ‘নালসার’ (NALSAR)-এর সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা দীর্ঘ বিতর্কের অবশেষে অবসান ঘটল। বিসিআই (বার কাউন্সিল অফ ইন্ডিয়া)-র চেয়ারম্যন মননকুমার মিশ্র দেশের সমস্ত আইন পড়ুয়াদের উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে নিজের আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।
ঘটনার সূচনা হয় নালসারের সমাবর্তন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি করার প্রস্তাব ঘিরে। যুবসমাজ সম্পর্কিত প্রধান বিচারপতির একটি সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমাবর্তনে অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় উপাচার্য ও অধ্যাপকদের ই-মেইল পাঠিয়ে এই আমন্ত্রণের প্রতিবাদ জানান।
পড়ুয়াদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে বিসিআই এক অভূতপূর্ব নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ২০২৬ সালের নালসারের কোনও স্নাতক পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দেশের কোনও রাজ্য বার কাউন্সিলেই আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন না। এই পদক্ষেপ আইনি মহলে তীব্র সমালোচনার ঝড় তোলে। স্বয়ং প্রধান বিচারপতি সূর্য কান্ত বিসিআই-এর এই সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ বলে কড়া প্রশ্ন তোলেন।
আইনি এবং সামাজিক চাপের মুখে অবশেষে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয় বিসিআই। স্বাধীনতা দিবসের দিন প্রকাশিত এক বিশেষ চিঠিতে বিসিআই চেয়ারম্যান লেখেন, “আমার বক্তব্য বা চিঠিতে শিক্ষার্থীরা আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ক্ষমা চাওয়া অহংকার নয়, শিক্ষার্থীদের অনুভূতি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”