চিনা পণ্য ঘুরপথে মার্কিন মুলুকে, ট্রান্সশিপমেন্ট স্ক্যামে কাঠগড়ায় ভারত! আসল সত্যিটা কী?

চিনের ওপর চাপানো চড়া শুল্ক এড়াতে বেআইনিভাবে তৃতীয় দেশের মাধ্যমে মার্কিন বাজারে পণ্য পাঠানোর চাঞ্চল্যকর অভিযোগ তুলল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ শীর্ষক রিপোর্টে ভারতের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ আনা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়, ভারতসহ প্রায় ৪০টি দেশ চিনের তৈরি বৈদ্যুতিক পাম্প ও কম্প্রেসরের মতো পণ্য সামান্য প্যাকেজিং বা লেবেল বদলে মার্কিন মুলুকে পাঠাচ্ছ। এর ফলে আমেরিকা বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব বাণিজ্যের এই জটিল নেটওয়ার্কে ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘টায়ার ১’ তালিকায় রেখেছে মার্কিন প্রশাসন।
তবে মার্কিন প্রশাসনের এই সমস্ত অভিযোগ মূলতঃ নিজস্ব বিশ্লেষণ ও মডেলভিত্তিক অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পুণে, গুজরাত ও চেন্নাই শিল্প করিডরকে কেন্দ্র করে এই বাণিজ্য চলার দাবি উঠলেও, ভারতের বিরুদ্ধে এখনও কোনো সরাসরি অনিয়ম প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও, কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি দিল্লির নাম ওঠায় আন্তর্জাতিক মহলে শোরগোল পড়েছে। ওয়াশিংটনের এই অবস্থান ভবিষ্যতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিনা পণ্যের পুনঃরফতানি রুখতে আমেরিকা এখন কঠোর পদক্ষেপ, পণ্য আটক ও নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্তের কথা চিন্তা করছে।