রাজসাক্ষী হওয়ার আর্জি সত্ত্বেও রক্ষা নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার নতুন প্রতারণার মামলা!

জমি দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরই ফের বড় আইনি গেরোয় জড়ালেন অভিযুক্ত ব্যবসায়ী জয় কামদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায় শেয়ার হোল্ডার বানিয়ে এবং লাভের মোটা অঙ্কের টাকা দেওয়ার লোভ দেখিয়ে কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে জয় ও তাঁর ভাই তুষার কামদারের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। কলকাতার অশ্বিনী দত্ত রোডের বাসিন্দা এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার গুরুতর অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী।
অভিযোগকারীর দাবি, নেপাল ভট্টাচার্য স্ট্রিটে একটি দামি সম্পত্তিতে আবাসন প্রকল্পের বন্দোবস্ত করে দিলে তাঁকে মোট লাভের ২৫ শতাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর অভিযুক্তরা চুক্তি লঙ্ঘন করে তাঁকে নামমাত্র টাকা দিয়ে বিদায় করার চেষ্টা করে এবং জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ সম্পত্তি হাতিয়ে নেয়। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তাঁর রাজসাক্ষী হওয়ার আবেদন বিচারাধীন থাকলেও, এই নতুন প্রতারণার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।