রাত ১২টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে গল্প, সকালেই নিথর দেহ! আশিস বন্দ্যোপাধ্যায়ের শেষ পরিণতিতে দেশজুড়ে চাঞ্চল্য

রামপুরহাটের সাবেক বিধায়ক, সাবেক কৃষিমন্ত্রী তথা বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার হলো বীরভূমের তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে। শনিবার রাতেও যথারীতি ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাত ১২টা পর্যন্ত স্বাভাবিক আলাপ-আলোচনা করেছেন তিনি। পরিজনদের দাবি, তাঁর আচরণে বিন্দুমাত্র মানসিক চাপের লক্ষণ ছিল না। কিন্তু রবি সকালে দলীয় কার্যালয় থেকে তাঁর নিথর দেহ মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হাতে লেখা এক পাতার একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতা, পাঁচবারের বিধায়ক পদ ও মন্ত্রিত্বের দায়িত্ব সামলানো নির্ঝঞ্ঝাট এই নেতার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত রাজনৈতিক মহল। স্থানীয় অধিবাসী ও সতীর্থদের মতে, পারিবারিক কোনো অশান্তি নয়, বরং আত্মসম্মানে আঘাত ও অপমানের কারণেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিরোধী থেকে শুরু করে দলীয় নেতৃত্ব—সকলেই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এককালের অভিভাবকতুল্য এই রাজনীতিকের বিয়োগে রামপুরহাটের সাধারণ মানুষের মাঝে এখন শুধুই শোকের ছায়া।