সমুদ্রের ‘ধুরন্ধর’, ভারতীয় নৌসেনার হাতে আসছে ২ MQ-9B Sea Guardian ড্রোন

সামুদ্রিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সোমবার, ১৭ অগাস্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। মার্কিন সংস্থা জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস ইনক (GA-ASI)-এর সঙ্গে চুক্তি অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীকে ৩০ মাসের জন্য দুটি MQ-9B Sea Guardian High-Altitude Long-Endurance (HALE) ড্রোন লিজে দেওয়া হবে। এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় ১,৯২৪ থেকে ১,৯৪৩ কোটি টাকা।
উন্নত সেন্সর, আধুনিক সিস্টেম এবং অ্যাডভান্সড পেলোড সমৃদ্ধ এই ড্রোনগুলি দীর্ঘ সময় ধরে উচ্চতায় উড়ে বিস্তৃত সামুদ্রিক এলাকায় নজরদারি চালাতে সক্ষম। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ (ISR), অবৈধ কার্যকলাপ, চোরাচালান এবং শত্রুপক্ষের গতিবিধির ওপর রিয়েল-টাইম নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির অন্যতম কৌশলগত দিক হল এর ‘লিজ মডেল’, যা দীর্ঘমেয়াদী ক্রয় প্রক্রিয়ার তুলনায় দ্রুত নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করে। ৩০ মাসের এই অভিজ্ঞতার মাধ্যমে নৌবাহিনী নিজস্ব অপারেটরদের প্রশিক্ষণ দিতে পারবে এবং ভবিষ্যতে ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের অধীনে এই প্রযুক্তির বড় মাপের সংযোজন বা যৌথ উৎপাদনের পথ সুগম করবে। ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান উপস্থিতি ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মোকাবিলায় এই ড্রোন ভারতীয় নৌসেনার নজরদারি ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে।