iPhone ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা! এক নিমেষে হ্যাক হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য, জানাল অ্যাপল

বিশ্বজুড়ে লাখ লাখ আইফোন গ্রাহকের জন্য জারি করা হলো চরম সতর্কবার্তা। সম্প্রতি বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের ওপর এক ভয়াবহ সাইবার হামলার আশঙ্কায় সতর্ক করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সংস্থাটির মতে, ব্যবহারকারীরা অত্যন্ত বিপজ্জনক ‘মার্সেনারি স্পাইওয়্যার’ (Mercenary Spyware)-এর নিশানায় রয়েছেন। সাধারণ সাইবার অপরাধের তুলনায় বহুগুণ জটিল ও ব্যয়বহুল এই ডিজিটাল হামলা চালানের নেপথ্যে রাষ্ট্রীয় কিংবা প্রভাবশালী কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত সাংবাদিক, কূটনীতিক, সমাজকর্মী ও রাজনৈতিক ক্ষেত্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গই এই ধরনের অত্যাধুনিক স্পাইওয়্যারের প্রধান লক্ষ্যবস্তু হলেও সাধারণ গ্রাহকদের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে এই স্পাইওয়্যারকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুতর হুমকি বলে চিহ্নিত করেছে অ্যাপল। এই পরিস্থিতিতে ডিভাইস সুরক্ষিত রাখতে দ্রুত সফ্টওয়্যার আপডেট, টু-ফ্যাক্টর অথেনটিকেশন এবং পাসকোড বা বায়োমেট্রিক লক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হলে বা কোনো বিশেষ বার্তা পেলে ব্যবহারকারীদের তৎক্ষণাৎ আইফোনে ‘লকডাউন মোড’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনবোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থার হেল্পলাইনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য কোনোভাবেই অনুপ্রবেশকারীদের হাতে না পড়ে।