‘কমিউনিস্টরাই আরশোলা-ছারপোকা তৈরি করে’, শতরূপ-আশুতোষদের একমঞ্চে দেখে তোপ দিলীপের

বামপন্থী রাজনীতি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ফের সরব হলেন বিজেপি নেতা তথা রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত মুখ দিলীপ ঘোষ। বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সমর্থক শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলার ঘটনার পর, তাঁর পরিবারের পাশে দাঁড়াতে দিল্লি থেকে আসেন সংগঠনের অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সেখানে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ও ময়ূখ বিশ্বাসদের তাঁদের পাশে একসাথে দেখা যায় এবং যৌথভাবে সাংবাদিক বৈঠকও করা হয়।
এই ঘটনার প্রেক্ষাপট টেনে মঙ্গলবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানান। তাঁর দাবি, কমিউনিস্টদের কারণেই সমাজে আরশোলা ও ছারপোকাদের মতো উপাদানের জন্ম হয় এবং বামপন্থীদের হাত ধরেই দেশে অশান্ত সৃষ্টিকারী ও দেশদ্রোহী তৈরি হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, ছাত্র আন্দোলনের আড়ালে দিল্লিতে যেভাবে অশান্তি তৈরি করা হয়েছিল, এ রাজ্যের পরিবেশকেও সেভাবে উত্তপ্ত করার চেষ্টা চলছে। তবে রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে এবং এই ধরনের প্রচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে তিনি সতর্ক বার্তা দেন।