‘বর খেতে দেয় না!’ কেন দেবশ্রীর এমন কটাক্ষের শিকার হয়েছিলেন অনামিকা সাহা?

বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ও রেকর্ড সৃষ্টিকারী ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত এই কালজয়ী সিনেমায় জ্যোৎস্নার পালিত মায়ের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী অনামিকা সাহা। তবে এই ছবিতে কাজের জন্য তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। সম্প্রতি এক পডকাস্টে সেই স্মৃতির রোমন্থন করে অভিনেত্রী জানান, দীর্ঘ ছয় বছর বিরতির পর এই প্রস্তাব পেয়েছিলেন তিনি এবং বহু কাঠখড় পুড়িয়ে শ্বশুরবাড়ির অনুমতি মিলেছিল।
অনামিকা সাহা আরও জানান, সে সময় অনেকেই তাঁর এই কাজ নিয়ে নানা কথা শুনিয়েছিলেন। এমনকি অভিনেত্রী দেবশ্রী রায় তাঁকে কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন, ‘অনামিকাদি, তোমার বর কি তোমাকে খেতে দেয় না? এমন যাত্রাপালার মতো সিনেমায় কাজ করছ কেন?’ যদিও সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় এই ছবি। আর এর অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্য আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে রয়েছে।