১২ পাসেই ডিগ্রি, চাকরি ও মাসিক স্টাইপেন্ড! বিহার সরকারের যুগান্তকারী পদক্ষেপ

দ্বাদশ পাশ করার পর তরুণদের স্বাবলম্বী করতে বিহার সরকার চালু করল ‘অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম’ (AEDP)। জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ইউজিসি (UGC)-র নির্দেশিকা মেনে তৈরি চার বছর মেয়াদী (আটটি সেমিস্টার) এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা একই সাথে তিনটি বড় সুবিধা পাবে—স্নাতক ডিগ্রি, হাতে-কলমে কাজের প্রশিক্ষণ এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে বৃত্তি বা উপবৃত্তি।
প্রাথমিকভাবে বিআরএ বিহার বিশ্ববিদ্যালয় এবং মোতিহারীর লক্ষ্মী নারায়ণ দুবে কলেজসহ কয়েকটি নির্বাচিত প্রতিষ্ঠানে এই প্রোগ্রাম চালু হচ্ছে। কোর্সের ৭৫ শতাংশ সময় পাঠদান এবং ২৫ শতাংশ সময় শিল্প-ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণের জন্য বরাদ্দ থাকবে। বিশেষ করে তৃতীয় বছরে শিক্ষার্থীদের বিভিন্ন শিল্প সংস্থায় ভাতা-সহ শিক্ষানবিশি (Apprenticeship) করা বাধ্যতামূলক।
বর্তমানে ৩টি বিষয়ে ভর্তির সুযোগ থাকছে:
- কন্টেন্ট ও ক্রিয়েটিভ রাইটিংয়ে বিএ (BA)
- ব্যাংকিং, ফাইনান্স ও ইন্স্যুরেন্সে বিকম (B.Com)
- রিটেইল অপারেশন্সে বিকম (B.Com)
চলতি সেপ্টেম্বর মাস থেকেই প্রথম ব্যাচ শুরু হতে চলেছে এবং দ্রুত গতিতে ভর্তি প্রক্রিয়া চলছে। পড়া শেষের আগেই আয়ের সুযোগ ও কর্মমুখী শিক্ষা পেতে এটি শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ।