২৫ লাখের সোশ্যাল মিডিয়া খরচ! মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

মুম্বাই: মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। মুম্বাই পৌর সংস্থার (বিএমসি) স্থায়ী কমিটির কাছে পেশ করা এক প্রস্তাবে মেয়রের কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার জন্য এক বছরে ২৫ লাখ ১২ হাজার ৭৮৬ টাকা ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এই চুক্তিটি ১ আগস্ট, ২০২৬ থেকে ৩১ জুলাই, ২০২৭ পর্যন্ত কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে।
১৮৮৮ সালের মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৬৯-এ ধারা অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই প্রস্তাব পেশ করা হয়। এর আগেও মেয়রের জনসংযোগ সংক্রান্ত টেন্ডার নিয়ে সমালোচনা হয়েছিল, ফলে নতুন এই প্রস্তাব বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে।
বিতর্ক বাড়তেই মেয়রের কার্যালয় সমস্ত অভিযোগ খারিজ করেছে। তাদের দাবি, মেয়রের ব্যক্তিগত বা নির্বাচনী প্রচারণার জন্য আলাদা কোনো ২৫ লাখ টাকা খরচ করা হচ্ছে না। বিএমসি-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার জন্য যে সংস্থাটি কারিগরি জনবল দিয়ে সহায়তা করছে, তাদের চুক্তির মেয়াদই ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মেয়রের দাবি, কোনো নতুন সংস্থা নিয়োগের নির্দেশ দেওয়া হয়নি এবং খবরটিকে বিকৃত করে ছড়ানো হচ্ছে।
তবে মেয়রের কার্যালয়ের এই ব্যাখ্যা সত্ত্বেও বিতর্কের অবসান ঘটেনি। স্থায়ী কমিটির পেশ করা নথিতে স্পষ্টভাবে মেয়রের কার্যালয়ের সোশ্যাল মিডিয়া খরচের কথা উল্লেখ থাকায় প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। পুরো বিএমসি-র কাজের কথা না লিখে কেন শুধু মেয়রের কার্যালয়ের কথা বলা হলো—প্রশাসনিক ব্যাখ্যা ও নথির এই অসামঞ্জস্য আগামী দিনে রাজনৈতিক তরজা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।