বদলে যাচ্ছে SBI-এর নিয়ম: ফ্রিতে লেনদেনের সীমা শেষ হলেই পকেট খালি!

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (বিএসবিডি) বা শূন্য ব্যালেন্স অ্যাকাউন্টধারীদের জন্য লেনদেনের নিয়ম আরও কঠিন করতে চলেছে। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে প্রযোজ্য হতে যাওয়া নতুন সার্ভিস চার্জ সাধারণ ও স্বল্প আয়ের গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ফেলবে।
নতুন নিয়মে কী কী বদল আসছে?
- টাকা তোলার ওপর ফি: নতুন নিয়ম অনুযায়ী, প্রতি মাসে সর্বোচ্চ চারবার ফ্রিতে টাকা তোলা যাবে (শাখা বা এটিএম মিলিয়ে)। পাঁচ নম্বর বার থেকে প্রতি লেনদেনে ১৫ টাকা সার্ভিস চার্জ কাটা হবে, যার সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত জিএসটি (GST)।
- ডিজিটাল লেনদেনেও কোপ: সবচেয়ে বড় ধাক্কা এসেছে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে। এতদিন পর্যন্ত ডিজিটাল লেনদেনগুলোকে মাসে ৪ বার বিনামূল্যে টাকা তোলার হিসেবের বাইরে রাখা হতো। তবে নতুন নিয়মে ডিজিটাল সার্ভিসগুলোকেও এই ৪ বার ফ্রিতে পাওয়া লেনদেনের সীমার মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএসবিডি অ্যাকাউন্টের মূল বিষয় ও শর্তাবলী: মূলত কম আয়ের মানুষদের ব্যাংকিং সেবার আওতায় আনতে এই অ্যাকাউন্ট চালুর নিয়ম করা হয়েছিল, যেখানে কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা থাকে না। অ্যাকাউন্টধারীদের একটি বেসিক রুপে (RuPay) ডেবিট কার্ড দেওয়া হয়।
তবে ব্যাংকের শর্তানুসারে, কোনো গ্রাহক এসবিআই-এ সাধারণ সেভিংস অ্যাকাউন্ট এবং বিএসবিডি অ্যাকাউন্ট একসাথে রাখতে পারবেন না। বিএসবিডি অ্যাকাউন্ট চালুর ৩০ দিনের মধ্যে পুরোনো সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া বাধ্যতামূলক।
যেসব পরিষেবা এখনো সম্পূর্ণ বিনামূল্যে মিলবে: নিয়ম কড়া হলেও কিছু ক্ষেত্রে ছাড় বহাল রাখা হয়েছে:
- ডেবিট কার্ড ফি: অ্যাকাউন্ট সংলগ্ন বেসিক রুপে ডেবিট কার্ডটির জন্য কোনো বার্ষিক মেইনটেন্যান্স ফি দিতে হবে না।
- অনলাইন ফান্ড ট্রান্সফার: এনইএফটি (NEFT) এবং আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে অনলাইন টাকা পাঠাতে কোনো চার্জ লাগবে না।
- সরকারি চেক: কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চেক জমা বা সংগ্রহের ক্ষেত্রে কোনো মাশুল নেওয়া হবে না।
- ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট: দীর্ঘদিন বন্ধ বা নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট বিনামূল্যে পুনরায় সক্রিয় করা যাবে।
তবে কোনো কারণে অ্যাকাউন্ট একেবারেই বন্ধ করতে চাইলে তার জন্য ব্যাংকের নির্ধারিত ফি প্রযোজ্য হতে পারে। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হওয়ার আগেই গ্রাহকদের তাদের লেনদেনের পরিকল্পনা ছকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।