প্যাকেট থেকে গায়েব ‘১০০% খাঁটি’র দাবি! FSSAI-এর আশানুরূপ ছক্কা, বিপাকে ডাবর-জান্ডু

খাদ্য ও পানীয়ের বাজারে বিভ্রান্তিকর এবং চটকদার প্রচারের বিরুদ্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI (Food Safety and Standards Authority of India)। এতদিন ধরে বিভিন্ন নামী-দামি কো ম্পা নি তাদের পণ্যের প্যাকেজ, লেবেল এবং বিজ্ঞাপনে নির্দ্বিধায় ‘১০০% বিশুদ্ধ’ বা ‘১০০% প্রাকৃতিক’-এর মতো দাবি করে আসছিল। কিন্তু FSSAI-এর কঠোর নজরদারির মুখে পড়ে এখন সেই দাবিগুলি তুলে নিতে বাধ্য হচ্ছে সংস্থাগুলি।
কেন কড়া হলো FSSAI?
খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মতে, প্যাকেটের গায়ে ‘১০০% খাঁটি’ লিখে ক্রেতাদের মনে একটি মিথ্যা ও কৃত্রিম আস্থার জায়গা তৈরি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে বৈজ্ঞানিক বা আইনগত মানদণ্ডে এই ধরনের শতভাগ বিশুদ্ধতার দাবি প্রমাণ করা আসাম্ভব। খাদ্য আইন অনুযায়ী, বিজ্ঞাপনে বা প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত শব্দ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। তাই গ্রাহকদের স্বার্থরক্ষায় এই ধরনের দাবি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
কোপে ডাবর, জান্ডু থেকে অ্যামওয়ে
FSSAI-এর কড়া নজরদারির পর ইতিমধ্যেই দেশের অন্তত ৫টি শীর্ষস্থানীয় কো ম্পা নি তাদের পণ্য ও বিজ্ঞাপন থেকে ‘১০০%’ লেখাটি সম্পূর্ণ বাদ দিয়েছে। এই তালিকায় রয়েছে বন বিস্কুটস (Bon Biscuits), জান্ডু হানি (Zandu Honey), অ্যামওয়ে ইন্ডিয়া (Amway India) এবং জুজা ফুডস (Juja Foods)-এর মতো প্রথম সারির ব্র্যান্ড।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দেশের অন্যতম বৃহৎ FMCG সংস্থা ডাবর ইন্ডিয়া (Dabur India)। বিভ্রান্তিকর লেবেল ব্যবহারের অভিযোগে ডাবরের বেশ কিছু নির্দিষ্ট খাদ্যপণ্য বিক্রি পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
- ডাবর মধু ও অ্যাপেল সাইডার ভিনেগার
- ভার্জিন কোকোনাট অয়েল ও তিলের তেল
- গরুর ঘি
- কচি ডাবের জল ও নারকেলের দুধ
এগুলির প্যাকেজিংয়ে ‘১০০% অর্গানিক’, ‘১০০% বিশুদ্ধতার নিশ্চয়তা’ কিংবা ‘১০০% কচি ডাবের জল’-এর মতো বিতর্কিত শব্দ ব্যবহার করা হয়েছিল।
FSSAI স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রেতাদের সঠিক তথ্য দেওয়া এবং খাদ্যের মান বজায় রাখতে এই অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।