‘সেবাশ্রয়’ শিবিরে কোটি কোটি টাকার কেলেঙ্কারি! ৩ চিকিৎসককে জেরা পুলিশের, বাড়ল অভিষেকের অস্বস্তি

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুচর্চিত ‘সেবাশ্রয়’ শিবিরের বিরুদ্ধে ওঠা একাধিক অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ নিল পুলিশ। বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। বিনামূল্যে চিকিৎসার নামে অঙ্গহানি এবং কোটি কোটি টাকার ওষুধ দুর্নীতির গুরুতর অভিযোগে এবার সরাসরি নাম জড়াল আয়োজকদের। পরিস্থিতি পর্যালোচনায় আসরে নেমেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরও, পুরো বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্তের অংশ হিসেবে বুধবার বিষ্ণুপুর থানায় ৩ জন চিকিৎসককে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারী আধিকারিক তথা এসডিপিও তাপস সরকার। সেবাশ্রয় ক্যাম্পের ব্যবস্থাপনা, সেখানে দেওয়া পরিষেবা এবং বিতর্কিত চিকিৎসায় এই চিকিৎসকদের ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখার নির্দেশ দেওয়ায় প্রশাসনিক গতি বৃদ্ধি পেয়েছে। তবে দীর্ঘ জেরা ও তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্তারা আপাতত কোনো মন্তব্য করতে চাননি।