হাইকোর্টে স্বস্তি অভিষেকের: আমতলার পার্টি অফিস ভাঙায় ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার ওপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যালয় ভাঙা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৮ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে আমতলায় অভিষেকের দপ্তরটি অবৈধভাবে তৈরি করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ১৮ ও ১৯ জুলাই প্রশাসন কার্যালয়ের একাংশ ভেঙে ফেলে। এরপরই রবিবারে বিশেষ এজলাস বসিয়ে ভাঙার কাজে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
বৃহস্পতিবার শুনানিতে অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ থাকলেও প্রশাসন সম্পূর্ণ ভুল করে ৫০৭ নম্বর দাগে থাকা তাঁদের কার্যালয়টি ভেঙে দিয়েছে। পাশাপাশি, দপ্তর ভাঙার আগে মালিককে কোনো নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। আইনজীবী এই ক্ষয়ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। অন্যদিকে, রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বিষয়টি পর্যালোচনা করার জন্য আদালতের কাছে অতিরিক্ত সময় প্রার্থনা করেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে আপাতত সেপ্টেম্বর পর্যন্ত কার্যালয় ভাঙার ওপর জারি থাকা নিষেধাজ্ঞা বহাল রাখে।