জেলাশাসকের এক ক্লিকেই মিলবে নাগরিকত্ব! সিএএ নিয়মে বড় পরিবর্তন কেন্দ্রের

নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে ‘সিটিজেনশিপ (থার্ড অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬’ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন এই নিয়মের ফলে পশ্চিমবঙ্গ, আসাম (জনজাতি এলাকা ব্যতীত), ত্রিপুরা (জনজাতি এলাকা ব্যতীত), গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর ও লাদাখের মতো সীমান্তঘেঁষা স্পর্শকাতর অঞ্চলগুলিতে নাগরিকত্ব দেওয়ার একক ক্ষমতা সংশ্লিষ্ট জেলাশাসকদের (DM) হাতে তুলে দেওয়া হয়েছে।
১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬বি ধারা অনুযায়ী, আবেদন গ্রহণ, নথি পরীক্ষা থেকে শুরু করে চূড়ান্ত নাগরিকত্ব মঞ্জুরের পূর্ণ আইনি দায়িত্ব এখন জেলাশাসকের।
নতুন নির্দেশিকার মূল বিষয়সমূহ:
- ডিজিটাল প্রক্রিয়া: আবেদন গ্রহণ থেকে শুরু করে নথিপত্র যাচাই ও আনুগত্যের শপথ গ্রহণ—সবটাই হবে অনলাইন প্ল্যাটফর্মে। নির্দিষ্ট সময়ে আবেদনকারী সশরীরে উপস্থিত হয়ে শপথ গ্রহণে ব্যর্থ হলে জেলাশাসক আবেদনটি খারিজ করতে পারবেন।
- বকেয়া আবেদনের স্থানান্তর: পূর্বে গঠিত ‘এমপাওয়ার্ড কমিটি’ বা ‘ডিস্ট্রিক্ট লেভেল কমিটি’র কাছে জমে থাকা সমস্ত বকেয়া আবেদন সরাসরি জেলাশাসকদের কাছে হস্তান্তরিত হবে, যাতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়।
উল্লেখ্য, সম্প্রতি সিএএ (CAA) শংসাপত্র প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের সমস্ত পেন্ডিং আবেদন নিষ্পত্তির লক্ষ্যের কথা জানিয়েছিলেন। অন্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গেও জেলাশাসকদের হাতে সিএএ নিষ্পত্তির এই ক্ষমতা দেওয়ার ইঙ্গিত তিনি দিয়েছিলেন, যা কেন্দ্রের এই বিজ্ঞপ্তির মাধ্যমে বাস্তবায়িত হলো।