‘ডাক্তারকাকু’ ছবিতে কার কী ভূমিকা, প্রসেনজিৎ ও ঋদ্ধির জুটিতে বড় চমক

চিকিৎসা পেশাকে শুধুমাত্র জীবিকা নয়, বরং মানুষের প্রতি আজীবন দায়বদ্ধতা মনে করেন ডা. দিলীপ সাহা। ক্লান্তি কিংবা ব্যক্তিগত নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি সর্বদা রোগীদের পাশে থেকেছেন। তাঁর কাছে চিকিৎসা মানে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবাকে অগ্রাধিকার দেওয়া। এই আদর্শের মধ্যে বড় হয়ে ওঠে তাঁর নিজের ছেলে পুষ্কিন এবং তাঁর আশ্রয়ে বেড়ে ওঠা পোচা। একই ছাদের নিচে বেড়ে ওঠা এই দুই কিশোরের সম্পর্ক যেন রক্তের ভাইয়ের মতো। দুজনেই বড় হয়ে চিকিৎসক হওয়ার পথ বেছে নেয়। কিন্তু এই দুই তরুণের জীবন এক নতুন মোড় নেয়, যখন পুষ্কিনের জীবনে আগমন ঘটে শীতল দামানির।
বেসরকারি হাসপাতাল চেনের মালিকের মেয়ে শীতলের প্রেমে পড়ে পুষ্কিন, যা তাঁর পেশাগত ক্যারিয়ারে এক বিশাল সুযোগ এনে দেয়। পোচাও এই নতুন ব্যবস্থার শরিক হয়ে ওঠে। তবে এই সাফল্য ও উচ্চাকাঙ্ক্ষার আড়ালে ধীরে ধীরে দানা বাঁধে নতুন জটিলতা। সেখানে পেশাগত নীতি, ব্যক্তিগত সম্পর্ক এবং বিবেকের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ডা. দিলীপ সাহার চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পুষ্কিন ও পোচার চরিত্রে ঋদ্ধি সেন ও পাভেল এবং শীতলের ভূমিকায় এনা সাহা অভিনয় করছেন। সাফল্য নাকি সততা— শেষ পর্যন্ত চিকিৎসকদের বিবেকের এই পরীক্ষাই পর্দায় তুলে ধরবে ছবিটি।