পাক অধিকৃত কাশ্মীরে গান্ধীর পথে অহিংস বিদ্রোহ, থমকে গেল শরিফ সরকারের প্রশাসন

পাকিস্তান সরকার ও শক্তিশালী সেনাবাহিনীর নৃশংস দমনপীড়ন ও দমননীতির মুখে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) এবার মহাত্মা গান্ধীর আদর্শে ঐতিহাসিক আইন অমান্য আন্দোলনের ডাক দিল জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)। দীর্ঘ ৭০ দিনেরও বেশি সময় ধরে চলা এই গণবিক্ষোভ দমাতে ইসলামাবাদ শক্তি প্রয়োগ ও হত্যাকাণ্ড চালালেও দমে যাননি আন্দোলনকারীরা। সম্প্রতি পালান্দ্রির এক বিশাল জনসভায় জেএএসি নেতা সর্দার আমান কাশ্মীরি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, পাকিস্তানি প্রশাসনের ‘বুলেটের আইন’ আর মেনে নেওয়া হবে না। ভয় দেখিয়ে বা গুলি চালিয়ে সাধারণ মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমানো আসাম্ভব বলেই বার্তা দেওয়া হয়েছে।
প্রশাসন ও সেনাবাহিনীর ওপর তীব্র অর্থনৈতিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করতে এই নতুন কৌশল গ্রহণ করেছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। আন্দোলনকারী নেতাদের আহ্বানে একযোগে সমস্ত বিদ্যুৎ বিল, সরকারি কর বা রাজস্ব দেওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্জনেরও ডাক দেওয়া হয়েছে, যা পুরো অঞ্চলের প্রশাসনিক কাজকে স্থবির করে দিয়েছে। বিক্ষোভকারীদের মতে, এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক সংকট এবং বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমেই এর সমাধান খুঁজতে হবে। সরকারের অব্যাহত অনমনীয় মনোভাব ও কঠোর পদক্ষেপের ফলে পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও জটিল হয়ে উঠেছে।