“ব্লিঙ্কিটের খারাপ টমেটোতেও মারধর!” লখনউ কাণ্ডে মুখ খুললেন প্রজ্ঞা, ফাঁস স্বামী মানসের ভয়াবহ রূপ

লখনউয়ের ব্যাংক ম্যানেজার দিব্যা মিশ্রের নৃশংস হত্যাকাণ্ড ও তাঁর স্বামী মানস বাজপেয়ীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন মৃতার বোন, প্রখ্যাত সাংবাদিক প্রজ্ঞা মিশ্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল তথ্য ও মানসের বিতর্কিত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জবাব দিয়ে তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে মানসকে সরাসরি ‘সাইকো কিলার’ বলে অভিহিত করেছেন।
প্রজ্ঞার অভিযোগ, বিয়ের প্রথম রাত থেকেই মানসের মানসিক বিকার প্রকাশ পায়। সংসারের খরচের অর্ধেক মেটানোর দাবি নিয়ে অশান্তির শুরু। এক বছর আগে দিব্যা সেই টাকা দেওয়া বন্ধ করলে অত্যাচার আরও বাড়ে। এমনকি ব্লিঙ্কিট থেকে অর্ডার করা টমেটো খারাপ বেরোনোর মতো তুচ্ছ অজুহাতেও দিব্যার ওপর চলত নির্মম শারীরিক নির্যাতন। শুধু দিব্যাই নন, অতীতে মানস ও তার বোন তুলিকার মারধরের কারণেই তাদের অসুস্থ মায়ের মৃত্যু হয়েছিল বলেও দাবি করেন প্রজ্ঞা।
নজরদারি ও মানসিক চাপের কারণে সম্প্রতি একটি দুর্ঘটনায় হাত-পা ভাঙেন দিব্যা। তা সত্ত্বেও তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান এবং ঘটনার দিন ‘হরতালিকা তীজ’-এর ব্রত রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের পক্ষে এই মর্মান্তিক সত্য মেনে নেওয়া আসাম্ভব হয়ে পড়েছে; দিব্যার অসুস্থ মাকে এখনও তাঁর মৃত্যুর খবর জানানো হয়নি। প্রজ্ঞা মিশ্রর এই বিস্ফোরক তথ্য লখনউ হত্যাকাণ্ডের তদন্তে এক নতুন মোড় এনে দিয়েছে।