“অপরাধ ছাড়া শাস্তি নয়!” ইউপি গ্যাংস্টার আইনের অপব্যবহারে সুপ্রিম কোর্টের তোপ

উত্তর প্রদেশের বহুল চর্চিত ‘গ্যাংস্টার আইন’ (UP Gangster Act)-এর অপব্যবহার নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দুই আইনজীবীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলা খারিজ করে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, নির্দিষ্ট অপরাধ প্রমাণ ছাড়া কেবল কাউকেও ‘গ্যাংস্টার’ তকমা দিয়ে শাস্তির মুখে ফেলা যায় না।
বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ ১৯৮৬ সালের এই আইনটির কড়া সমালোচনা করে জানান, এটি আসলে নতুন কোনো পৃথক অপরাধ তৈরি করে না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ফৌজদারি প্রক্রিয়া চলাতে গেলে আইনে সুনির্দিষ্ট অপরাধ ও শাস্তির স্পষ্ট উল্লেখ থাকা জরুরি—যা এই আইনে নেই। আদালত আরও সতর্ক করে বলেছে, সহিংসতা কমানোর অজুহাতে গঠিত এই আইন প্রকৃতপক্ষে সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে।
মামলার প্রেক্ষাপটে জানা যায়, ফারুখাবাদের ফতেহগড়ে বার অ্যাসোসিয়েশন নির্বাচন সংক্রান্ত বিবাদের জেরে শিব প্রতাপ সিং ও হিমাংশু শ্রীবাস্তব নামে দুই আইনজীবীর বিরুদ্ধে গ্যাংস্টার আইনে এফআইআর হয়। এলাহাবাদ হাইকোর্টে স্বস্তি না পেয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে কেবল ওই দুই আইনজীবী রেহাই পাননি, বরং ভবিষ্যতে এই আইনের অপব্যবহার রোখে এক ঐতিহাসিক নজির তৈরি হলো।