বকেয়া ডিএ মিলবে কবে? সরকারপোষিত স্কুলের শিক্ষকদের স্বস্তি দিয়ে বড় পদক্ষেপ হাই কোর্টের!

রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ডিএ পেলেও, সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা কবে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে রাজ্যের কাছে নির্দিষ্ট রিপোর্ট তলব করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে লিখিতভাবে তাদের সমস্ত অবস্থান ও হিসাব আদালতে পেশ করতে হবে।
শিক্ষক সংগঠন এবিটিএ-র করা মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই শুনানি হয়। মামলাকারীদের অভিযোগ, সরকারি কর্মীরা ডিএ পেলেও সরকারপোষিত স্কুলগুলির কর্মীরা তা থেকে এখনও বঞ্চিত। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, বকেয়া ডিএ মেটাতে প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার এই জটিলতার কী সমাধান দেয় এবং বকেয়া মেটানোর বিষয়ে কী পদক্ষেপ করে, এখন সেই দিকেই তাকিয়ে শিক্ষক মহল।