“টাটারাই পারল না, আমরা কে!”— রাজ্যে বিনিয়োগ ও মেধা পাচার নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন অর্থমন্ত্রী

“টাটারাই পারল না, আমরা কে!”— রাজ্যে বিনিয়োগ ও মেধা পাচার নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন অর্থমন্ত্রী

সম্প্রতি বিজনেস টুডের ‘India@100’ অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের আর্থিক ও শিল্প পরিস্থিতি নিয়ে অত্যন্ত খোলামেলা বক্তব্য রাখলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা স্বীকার করে তিনি বলেন, কেবল সঠিক নীতি ও সুদৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমেই বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার করা সম্ভব।

রাজ্যের মেধা পাচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী মন্তব্য করেন, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার তাগিদে তরুণ প্রজন্ম বেঙ্গালুরু, গুরুগ্রাম বা বিদেশে পাড়ি দিচ্ছে। এর ফলে কলকাতা কার্যত কেবল প্রবীণ ও অবসরপ্রাপ্ত মানুষদের শহরে পরিণত হচ্ছে। একইসঙ্গে বাঙালিরা ব্যবসা-বিমুখ— এই ভুল ধারণা ভাঙার ওপর জোর দেন তিনি। প্রসঙ্গত সিঙ্গুর থেকে টাটাদের ফিরে যাওয়ার ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি মন্তব্য করেন, “টাটারাই যখন বাংলায় ব্যবসা করতে পারেনি, তখন আমরা কে কোথাকার!” তাঁর এই মন্তব্য ব্যাপক রাজনৈতিক চর্চার জন্ম দিয়েছে।

শিল্পায়নের ক্ষেত্রে জমি অধিগ্রহণকে অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করে স্বপন দাশগুপ্ত জানান, সমস্যা সমাধানে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো এলাকায় জমি চিহ্নিভূত করার পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন অঞ্চলে নতুন শিল্প বেল্ট এবং আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। কোনো অলৌকিক আশ্বাসের বার্তা না দিয়ে তিনি জোর দিয়ে বলেন, আগামী চার বছরের মধ্যে পশ্চিমবঙ্গ যদি দেশের সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্জন করতে পারে, তবেই রাজ্যের ঐতিহাসিক আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *