কার্ড মেশিনে ছোঁয়ালেই কেল্লাফতে! জানুন এটিএম-এর পেছনের নজরকাড়া প্রযুক্তি

আজকাল অনলাইন পেমেন্টের যুগেও এটিএম বা ডেবিট কার্ডের চাহিদা এতটুকু কমেনি। নগদ টাকা তোলা বা জমা দিতে আজও এই প্লাস্টিক কার্ডই ভরসা। কিন্তু ভেবে দেখেছেন কি, মেশিনে কার্ড দেওয়া মাত্রই কীভাবে সেটি আপনার সব তথ্য চিনে নেয়? এর পেছনে কাজ করছে দারুণ এক প্রযুক্তি।
কার্ডে লুকিয়ে থাকা তথ্য একটি কার্ডের ওপর নাম, ১৬ ডিজিটের নম্বর ও মেয়াদ শেষের তারিখ দেখা যায়। তবে আসল তথ্য থাকে কার্ডের ছোট চিপ বা পেছনের ম্যাগনেটিক স্ট্রিপে। এতে কার্ড নম্বর, ব্যাংক শনাক্তকরণ কোড ও গোপন তথ্য সংরক্ষিত থাকে। মজার বিষয় হলো, অ্যাকাউন্টের মূল ব্যালেন্স বা সম্পূর্ণ বিবরণ সরাসরি কার্ডে থাকে না।
ম্যাগনেটিক স্ট্রিপ থেকে আধুনিক EMV চিপ আগের দিনে কার্ডের পেছনের কালো চৌম্বকীয় স্ট্রিপ থেকে সোয়াইপ মেশিনের সাহায্যে তথ্য নেওয়া হতো। তবে বর্তমানে ব্যবহার করা হয় ‘EMV’ চিপ, যা একটি ক্ষুদ্র কম্পিউটারের মতো কাজ করে। এই চিপ প্রতিটি লেনদেনে একটি অনন্য নিরাপত্তা কোড তৈরি করে, ফলে কার্ড ক্লোন করে প্রতারণার ঝুঁকি আর নেই।
পিন ও কার্ড শনাক্তকরণ পদ্ধতি এটিএম-এ কার্ড দেওয়া মাত্রই তার চিপের ডেটা ব্যাংকের সেন্ট্রাল সার্ভারে চলে যায়। সার্ভার যাচাই করার পর পিন টাইপ করতে বলে। পিন দিলেই সেই তথ্য এনক্রিপ্ট হয়ে ব্যাংকে পৌঁছায় এবং ব্যাংক সবুজ সংকেত দিলেই মেশিন টাকা বের করে দেয়।
একাধিক স্তরের নিরাপত্তা ও রিয়েল-টাইম ভেরিফিকেশনের কারণেই আপনার টাকা এটিএম-এ সম্পূর্ণ সুরক্ষিত থাকে।