পুলিশের নিস্তব্ধতায় বাড়ছে ক্ষোভ! দিল্লির ডিসি অফিসের সামনে রাহুল গান্ধীর সরাসরি চ্যালেঞ্জ

দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলন চলাকালীন ছররা গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনও এফআইআর দায়ের না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে পেলেট গুলিতে আক্রান্ত সাহিল লোচাবকে সঙ্গে নিয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছান তিনি। পুলিশের পক্ষ থেকে বারবার আবেদন এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে শেষ পর্যন্ত দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতা।
রাহুল গান্ধীর এই আকস্মিক পদক্ষেপে থানায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কংগ্রেসের অভিযোগ, গত ১৪ এবং ১৭ আগস্ট এই সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি। উলটো ভুক্তভোগীকে এফআইআর করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর নথিভুক্ত করা না হলে এই আন্দোলন ও ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।