কলকাতায় বসে ৮০০০ কিমি দূরের শিকারের খোঁজ, বালিগঞ্জ থেকে ফাঁদে পড়ল চার শিকারি

কলকাতার বালিগঞ্জে একটি বেআইনি আন্তর্জাতিক কল সেন্টারে অভিযান চালিয়ে চারজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে প্রযুক্তিগত নজরদারি চালিয়ে পুলিশ বালিগঞ্জ থেকে তিনজনকে ধরে এবং পরবর্তীতে তালতলা এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ফিরদৌস ইকবাল, শেখ সাজ্জাদ, রূপম টিমোথি বিশ্বাস ও শব্বির আলম। এদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত যুক্তরাজ্যের অধিবাসীদের লক্ষ্য করে এই আন্তর্জাতিক প্রতারণা চক্র চালানো হতো। ধৃতরা বিদেশি টেলিকম কো ম্পা নির কর্মী সেজে ভিওআইপি কল করে উন্নত ওয়্যারলেস পরিষেবা বা সিম কার্ড পরিবর্তনের লোভ দেখাত। এভাবে গ্রাহকদের ব্যাংক ও কার্ডের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে বিপুল পরিমাণ পাউন্ড ও ডলার লুট করা হতো।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটির মূলচক্রী বিহারের বাসিন্দা, যে ডার্কওয়েব থেকে বিদেশি নাগরিকদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করত। ঘটনাটিতে কলকাতা সাইবার থানায় মামলা দায়ের করে বাজেয়াপ্ত হওয়া ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রটির সঙ্গে যুক্ত আরও দেশীয় ও আন্তর্জাতিক মাথার সন্ধান চালানো হচ্ছে। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বাজেয়াপ্ত বা ফ্রিজ করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রয়োজন হলে আয়কর দপ্তর বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) যুক্ত করা হবে। লন্ডনে এদের কোনো স্থানীয় সহযোগী রয়েছে কি না তা জানতে তদন্তকারীরা বিস্তারিত জেরা চালিয়ে যাচ্ছেন।