৭০ হাজার থেকে একলাফে ২৫ হাজার টন! ইলিশের আকাল, চড়চড়িয়ে বাড়ছে দাম

চলতি বর্ষা মরশুমে আবহাওয়ার প্রতিকূলতার জেরে দক্ষিণ ২৪ পরগনায় ইলিশের জোগানে মারাত্মক ধস নেমেছে। গত বছর এই নির্দিষ্ট সময়ে যেখানে প্রায় ৭০ হাজার টন ইলিশ ধরা পড়েছিল, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০ থেকে ২৫ হাজার টনে। দফায় দফায় নিম্নচাপ, প্রবল বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের জেরে মৎস্যজীবীরা নির্ধারিত সময়ে গভীর সমুদ্রে ট্রলার নিয়ে পাড়ি দিতে পারেননি। ফলে বাঙালির প্রিয় রূপোলি শস্যের জোগান তলানিতে গিয়ে ঠেকেছে।
কাকদ্বীপ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য বিজন মাইতি জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে মৎস্যজীবীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অধিকাংশ ট্রলার মাঝপথেই ফিরে আসতে বাধ্য হয়েছে। বাজারে স্থানীয় ইলিশের আকাল দেখা দেওয়ায় তার সরাসরি প্রভাব পড়েছে পাইকারি ও খুচরো বাজারে। চাহিদার তুলনায় জোগান কম থাকার ফলে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে এবং চড়চড়িয়ে বাড়ছে ইলিশের দাম।