বারবার ব্যর্থতা সামলে অভাবনীয় জয় জুনেদের

স্কুল বা কলেজের পরীক্ষায় সাধারণ নম্বর পাওয়া কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার ব্যর্থ হলে অনেকেই ভেঙে পড়েন। তবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আজ বড় অনুপ্রেরণা জুনেদ আহমেদ। উত্তরপ্রদেশের বাসিন্দা জুনেদ ছোটবেলায় পড়াশোনায় একেবারেই খুব একটা উজ্জ্বল ছিলেন না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কোনোমতে ৬০ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে একটি বেসরকারি কলেজ থেকে বিটেক করলেও সেই ফলাফলও আহামরি কিছু ছিল না। কিন্তু কলেজ জীবনেই তাঁর মনে ইউপিএসসি সিভিল সার্ভিসেস অফিসার হওয়ার বড় স্বপ্ন দানা বাঁধে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি দিল্লির জামিয়া রেসিডেনসিয়াল কোচিং অ্যাকাডেমিতে ভর্তি হয়ে কঠোর প্রস্তুতি শুরু করেন।
তবে সফলতার এই পথ তাঁর জন্য মোটেও সহজ ছিল না। ইউপিএসসি পরীক্ষার প্রথম তিনটি চেষ্টাতেই তাঁকে চরম ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল। তা সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। অবশেষে চতুর্থবারের চেষ্টায় সারা দেশে ৩৫২তম স্থান পেয়ে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস বা আইআরএস-এ যোগ দেন। তবে তাঁর আসল লক্ষ্য ছিল আইএএস হওয়া। তাই কঠিন ট্রেনিংয়ের মধ্যেও প্রতিদিন মাত্র চার ঘণ্টা পড়ে ২০১৮ সালের পরীক্ষায় পঞ্চম চেষ্টায় সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান অর্জন করে নিজের অধরা স্বপ্নপূরণ করেন জুনেদ।