‘গেট বন্ধ রাখা চলবে না!’ বর্ধমান হাসপাতালে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, দালাল নির্মূলে বিশেষ পরিচয়পত্রের আশ্বাস

২৪ ঘণ্টার মধ্যে পরপর দুটি হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে গিয়ে তিনি দেখতে পান সিঁড়ির কোলাপসিবল গেট বন্ধ। এতে ক্ষুব্ধ হয়ে আধিকারিকদের ধমক দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, সুরক্ষার স্বার্থে সব গেট খোলা রেখে রক্ষীর সংখ্যা বাড়াতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে বা আগুন লাগলে সমস্যা না হয়।
হাসপাতালের দালাল চক্র ও চিকিৎসক সংকট মেটাতেও বড় বার্তা দেন মন্ত্রী। তিনি জানান, রোগী ও তাঁদের পরিজনদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। ফলে ব্যাচ বা আইডি কার্ড ছাড়া ঘুরে বেড়ানো সন্দেহভাজন বা দালালদের চিহ্নিত করা সহজ হবে। পাশাপাশি, চিকিৎসক সংকট মেটাতে বিভাগগুলিতে স্থানীয় চিকিৎসকদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় রোগীর পরিজনেরা থাকা-খাওয়া ও খারাপ বাথরুম নিয়ে ক্ষোভ জানালে মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার রাতেই বর্ধমানের বড়শুল ব্লক হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে ইমার্জেন্সি ও ওষুধের মজুত খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।