বারুদস্তূপে ডুয়ার্সের পর্যটন! ছোট হোটেল ও হোমস্টেগুলিতে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

বারুদস্তূপে ডুয়ার্সের পর্যটন! ছোট হোটেল ও হোমস্টেগুলিতে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

কলকাতা ও তারাপীঠের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ডুয়ার্স এবং পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলির অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মালবাজার মহকুমা এবং সংলগ্ন কালিম্পং জেলায় ছোট-বড় মিলিয়ে ৪০০-র বেশি হোটেল, রিসর্ট ও হোমস্টে রয়েছে। বড় রিসর্টগুলিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও, বেশিরভাগ ছোট হোটেল ও হোমস্টেতে ফায়ার লাইসেন্স বা আগুন নেভানোর ন্যূনতম পরিকাঠামো নেই।

এই পরিস্থিতিতে সতর্ক হয়েছে রিসর্ট মালিকদের সংগঠনগুলি। অন্যতম বৃহৎ সংগঠন ‘লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি পার্থ রায় জানিয়েছেন, যে সমস্ত সদস্যের ফায়ার লাইসেন্স নেই, তাদের অবিলম্বে তা সংগ্রহ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য কর্মীদের প্রস্তুত করতে দমকল বিভাগের কাছে প্রশিক্ষণের আবেদনও জানাবে সংগঠনটি।

উদ্বেগের আরও একটি বড় কারণ হলো আসন্ন শুষ্ক শীতকাল। এই সময়ে শুকনো পাতা বা ডালপালা থেকে পাহাড়ে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। অতীতেও মূর্তি এলাকায় একটি সরকারি কটেজে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এছাড়াও বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মতো বিপদ এড়াতে, সমস্ত রিসর্ট ও হোটেলের মালিকদের নিয়মিত বৈদ্যুতিক লাইন ও সরঞ্জাম পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মালবাজার দমকল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *