“নিয়ম না মানলেই কড়া আইনি কোপ!” মেদিনীপুরের পর রাজ্যজুড়ে অভিযান জোরদার করার হুঁশিয়ারি পুরমন্ত্রীর

তারাপীঠ ও কলকাতার মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলায় বেআইনি ও সুরক্ষাবিধিহীন হোটেলের দাপট রুখতে এবার সরাসরি ময়দানে নেমেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শুক্রবার মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল মহিলা কলেজের সমাবর্তনে যোগ দিতে এসে জেলাশাসক দপ্তরে পুরসভাগুলির নানা সমস্যা ও অবৈধ নির্মাণ নিয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি শহরের একাধিক হোটেল ও শপিং মলে সারপ্রাইজ ভিজিট করেন। সেখানে তিনি দেখতে পান, অগ্নি-নির্বাপণ ব্যবস্থার কোনো সঠিক বন্দোবস্তই নেই। এই চরম গাফিলতি চোখে পড়তেই মন্ত্রী তৎক্ষণাৎ অভিযুক্ত হোটেল ও শপিং মলগুলিকে ‘সিল’ করার নির্দেশ দেন।
পুরমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। একইসঙ্গে জেলা পুলিশ ও প্রশাসনকে প্রতিটি হোটেলে অভিযান চালানোর পাশাপাশি হোটেল মালিকদের ডেকে সুরক্ষাবিধি মেনে চলার কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।