পাহাড়ের সমীকরণ বদলাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, শাহ-গুরুং বৈঠকের পর গঠিত হল নতুন কমিটি

পাহাড়ের সমীকরণ বদলাতে কেন্দ্রের বড় পদক্ষেপ, শাহ-গুরুং বৈঠকের পর গঠিত হল নতুন কমিটি

পাহাড় সমস্যা ও গোর্খাল্যান্ড ইস্যুর স্থায়ী সমাধান খুঁজতে নিউ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বসহ গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং এবং রোশন গিরি। দীর্ঘ আলোচনার পর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিএসএফের প্রাক্তন ডিজি তথা অভিজ্ঞ প্রাক্তন আইপিএস কর্মকর্তা পঙ্কজকুমার সিংকে এই নতুন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে জানানো হয়েছে, কোনো রকম রাজনৈতিক জটিলতা না রেখে সম্পূর্ণ সাংবিধানিক পথেই পাহাড়ের যাবতীয় সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে। অতীতে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর অধীনে দুর্নীতির যে অভিযোগগুলি উঠেছিল, সেগুলিকে পেছনে ফেলে নতুন কাঠামোয় উন্নয়নের রূপরেখা তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য। নিয়মিত ব্যবধানে পাহাড়ের সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। নতুন কমিটি গঠনের মাধ্যমে পাহাড়ের রাজনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলল বলে মনে করছে অভিজ্ঞ রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *