সন্দেশখালিতে ফের গুলির শব্দ! গভীর রাতে বিজেপি নেতাকে টার্গেট, নেপথ্যে কে?

সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানা এলাকার খাঁস শাকদহ গ্রামে গভীর রাতে আচমকাই পরপর গুলির শব্দে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে অল্পের জন্য রক্ষা পান জুম্মান শেখ নামে স্থানীয় এক বাসিন্দা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, মেছো ভেড়ি দখল ও বকেয়া টাকার ভাগবাটোয়ারা নিয়ে এলাকার দুষ্কৃতী দুই গোষ্ঠীর সংঘাতের জেরেই শুক্রবার রাতে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
অন্যদিকে, এই সশস্ত্র হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে বিজেপি। বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং মণ্ডল সভাপতি রবিন দাসের দাবি, আক্রান্ত জুম্মান শেখ তাঁদের দলের সংখ্যালঘু মোর্চার একজন সক্রিয় নেতা। শেখ শাহজাহানের অনুগামী দুষ্কৃতীরাই তাঁকে পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে তাঁরা অভিযোগ তোলেন। তবে এই রাজনৈতিক যোগসূত্র সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সনদ সরদার। তাঁর পাল্টা দাবি, জুম্মান শেখ নামে বিজেপির কোনো কর্মী ওই এলাকায় নেই; বরং তিনি এলাকা দখল ও ডাকাতির মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একজন পরিচিত দুষ্কৃতী। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ সঠিক তদন্ত শুরু করেছে।