হিন্দুদের উৎসব নিয়ে কটাক্ষ, বালিতে বড় শাস্তি সুইস পর্যটকের!

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসব ন্যেপি অবমাননা এবং অশ্লীল শব্দ ব্যবহারের দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সুইৎজারল্যান্ডের এক পর্যটককে। ২৬ বছর বয়সি অভিযুক্ত ওই যুবকের নাম লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন। সাকা ক্যালেন্ডার অনুযায়ী পালিত এই দিনটিকে হিন্দু সম্প্রদায়ের নববর্ষ ও নীরবতার দিন হিসেবে গণ্য করা হয়। এই বিশেষ দিনে পুরো দ্বীপজুড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং আলো জ্বালানো কিংবা বিনোদন থেকে বিরত থেকে ঘরে বসে ধ্যান করার কঠোর নিয়ম রয়েছে, যা স্থানীয় স্বেচ্ছাসেবকরা কড়াভাবে পাহারা দিয়ে নিশ্চিত করেন।
অভিযোগ উঠেছে, এই পবিত্র নিয়মের তোয়াক্কা না করে লুজিয়ান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র সৈকতে বেরিয়ে পড়েন এবং ন্যেপি উৎসবকে কটাক্ষ করে একটি অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করেন। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতে বিচার চলাকালীন অভিযুক্ত যুবক নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সাফাই দেন যে, তিনি বিধিনিষেধের কড়াকড়ি বুঝতে পারেননি এবং খিদে মেটাতে বাইরে বের হতে বাধ্য হয়েছিলেন। তবে তাঁর এই আবেদন রক্ষা হয়নি এবং আদালত তাঁকে এক বছরের জেলের সাজা শোনায়।