২-৩ দিনেই কমবে চিনির দাম! নবান্ন থেকে মজুতদারদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যজুড়ে আচমকা চিনির দাম বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছিল আমজনতা থেকে শুরু করে মিষ্টি ব্যবসায়ীদের। কিছু কিছু বাজারে চিনির দর কেজিপ্রতি প্রায় ৭০ টাকায় পৌঁছে যাায়। এই পরিস্থিতি সামাল দিতে নবান্ন থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই চিনির দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, বাজারে কোথায় ‘লিকেজ’ বা গলদ রয়েছে এবং কারা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে, তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত দু’সপ্তাহ আগে ৫৮ টাকা এবং সম্প্রতি ৬৮-৭০ টাকায় ওঠা চিনির দাম দ্রুত স্বাভাবিক দর অর্থাৎ ৪৮ টাকার কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা চলছে।
অন্যদিক, আখের রস ইথানল তৈরিতে ব্যবহারের কারণে চিনির জোগান কমেছে বলে অভিযোগ উঠলেও, প্রাকৃতিক কারণ ও আবহাওয়ার প্রভাবকেই উৎপাদন কম হওয়ার মূল কারণ হিসেবে দর্শানো হয়েছে। তবে দেশে পর্যাপ্ত চিনি মজুত রয়েছে। উৎসবের মরসুমের আগেই বাজার দর নিয়ন্ত্রণে আনতে মনিটরিং ও প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা হচ্ছে।