শিশুর সর্দি-কাশিতে হুটহাট কাফ সিরাপ? কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞা, বাড়ছিল স্নায়ু ও হৃদরোগের ঝুঁকি

শিশুর সর্দি-কাশিতে হুটহাট কাফ সিরাপ? কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞা, বাড়ছিল স্নায়ু ও হৃদরোগের ঝুঁকি

ছোট শিশুদের সামান্য সর্দি-কাশি বা নাক বন্ধ হলেই ডাক্তারের পরামর্শ ছাড়াই দোকান থেকে কাফ সিরাপ কিনে এনে খাইয়ে দেওয়ার অভ্যাসে বড়সড় লাগাম টানল কেন্দ্র। চার বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ‘কোল্ড কম্বিনেশন’ ওষুধের উৎপাদন, বিক্রি ও বণ্টনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।

ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের ২৬এ ধারা অনুযায়ী জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সর্দিকাশির প্রায় ৯৫ শতাংশ ওষুধেই ক্লোরফেনিরামাইন ম্যালিয়েট (CPM) এবং ফিনাইলএফ্রিন (PE)—এই দু’টি উপাদানের মিশ্রণ ব্যবহার করা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ছোটদের শরীরে এই সংমিশ্রণ গুরুতর স্নায়বিক সমস্যা এবং দ্রুত হৃদস্পন্দন বা হৃদরোগ সংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে। ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজ়রি বোর্ড (DTAB)-এর সুপারিশ ও বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনার পরই এই কড়া বিধিনিষেধ আরোপ করা হলো।

ওষুধের কাজ বনাম পার্শ্বপ্রতিক্রিয়া:

  • সিপিএম (CPM): এটি একটি অ্যান্টি-অ্যালার্জিক উপাদান, যা হাঁচি বা নাক দিয়ে জল পড়া কমায়। তবে এর ব্যবহারে শিশুদের অস্বাভাবিক ঝিমুনি বা ঘুমভাব আসতে পারে এবং মাত্রাতিরিক্ত হলে স্নায়ুর ক্ষতি হতে পারে।
  • ফিনাইলএফ্রিন (PE): এটি বন্ধ নাক খুলতে সাহায্য করে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি দ্রুত হৃদস্পন্দন ও খিঁচুনির মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ছোট শিশুদের ক্ষেত্রে ভুল ডোজ বা একাধিক সিরাপে একই উপাদানের উপস্থিতির কারণে অজান্তেই ‘ওভারডোজ’ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

চিকিৎসকদের পরামর্শ: ক্লিনিক্যাল ফার্মাকোলজির বিশেষজ্ঞ ড. শাম্বসম্রাট সমাজদার সতর্ক করে জানিয়েছেন, চার বছরের বেশি বয়স হলেই যে এই ওষুধ ইচ্ছেমতো দেওয়া যাবে, তা নয়। স্বপ্রণোদিত হয়ে ব্র্যান্ড বা কম্বিনেশন সিরাপ না খাইয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই একমাত্র নিরাপদ পথ। সাধারণত শিশুদের সর্দি-কাশি নিজের নিয়মেই সেরে যায়। প্রয়োজনে কেবল নাকে স্যালাইন ড্রপ, পর্যাপ্ত জল বা তরল খাবার এবং সঠিক বিশ্রামের মাধ্যমে শিশুর যত্ন নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *