অনুদানের বরফ কি গলবে! সেপ্টেম্বরেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

হাতে আর মাত্র মাস দেড়েক সময়। তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়বে। শারদোৎসবে মাতোয়ারা হতে চলা বাংলার পুজো প্রস্তুতি নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছিল। রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার এই দুর্গাপুজো অনুদানের ধারা বজায় রাখে কি না, বা এ বিষয়ে নতুন কোনো বিশেষ ঘোষণা করে কি না, এখন সেটাই দেখার বিষয়।
তৃণমূল জমানায় প্রতিটি দুর্গাপুজোয় কমিটিগুলিকে আর্থিক অনুদান, বিদ্যুতের বিলে ছাড় এবং দমকলের ছাড়পত্র সহ নানা সুবিধা দেওয়া হতো। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার আসার পর শারদোৎসব কীভাবে পালিত হবে এবং অনুদানের অঙ্ক নিয়ে কী বার্তা দেওয়া হয়, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পাশাপাশি, পুজো কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ এবং সামগ্রিক উৎসবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শারদোৎসবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বাংলার অর্থনীতি ও পর্যটন। তাই নবান্নের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কোন কোন নতুন নির্দেশিকা উঠে আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।