হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মীরা ভট্টাচার্য, জানালেন ‘এখন ভালো আছি’

হাসপাতাল থেকে ছুটি পেয়ে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে তীব্র যন্ত্রণা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাঁকে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার বিকেলে চিকিৎসকরা তাঁকে ছুটি দেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় সত্তরোর্ধ্ব মীরাদেবী জানান, তিনি এখন অনেকটাই ভালো আছেন।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর চিকিৎসার জন্য অধ্যাপক ডাঃ সরোজ মণ্ডল, ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং ডাঃ সেমন্তী চক্রবর্তীকে নিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। একাধিক শারীরিক পরীক্ষার পর গত কয়েকদিনে তাঁর অবস্থা স্থিতিশীল হয়। নিয়ম মেনে সময়মতো খাওয়া-দাওয়ার পরামর্শ দিয়ে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাঁকে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, মীরাদেবী হাসপাতালে থাকাকালীন তাঁর স্বাস্থ্য নিয়ে সোশাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে পড়ে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একাই থাকেন মীরাদেবী। সম্প্রতি নিরাপত্তার খাতিরে তাঁকে বিশেষ সুরক্ষাও দেওয়া হয়েছে।