বেড বাড়ছে ২০০০! সেপ্টেম্বরেই ‘আদানি আরোগ্য নিকেতন’-এর ভূমিপুজো, আদানিকে চিঠি মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে নিউটাউনে তৈরি হতে চলা আন্তর্জাতিক মানের ‘আদানি আরোগ্য নিকেতন’ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজার থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ দুই হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসেই এই মেগা প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি স্বয়ং। সম্প্রতি আদানি গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই এই বড় সিদ্ধান্ত সামনে এসেছে।
নবান্ন সূত্রে জানা গেছে, প্রকল্পের পরিধি বাড়ায় গরিব ও সাধারণ মানুষের চিকিৎসায় আরও বড় সুযোগ তৈরি হলো। পূর্বে এক হাজার শয্যার মধ্যে ৫০০ শয্যা বিনামূল্যে চিকিৎসার জন্য বরাদ্দ থাকলেও, নতুন পরিকল্পনা অনুযায়ী দুই হাজার শয্যার ঠিক অর্ধেক অর্থাৎ ১ হাজার শয্যা সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যবাসীর চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিক স্বাস্থ্য পরিষেবার কাজে ব্যবহার করা হবে। সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পে শতভাগ বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। দ্রুত কাজ শুরুর আগ্রহ প্রকাশ করায় রাজ্য সরকারের পক্ষ থেকেও এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই আনুষ্ঠানিক সম্মতি জানানো হয়েছে।